প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
‘স্যান্ডপেপারগেট ঝড়ের’ মাঝেই সিরিজ হারল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে স্যান্ডপেপারগেট ঝড়। এর মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নামে অজিরা। প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ালো স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রান করে ইংল্যান্ড। জবাবে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফেরে ইংলিশরা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেটি ছিল সিরিজ নির্ধারণী। আর তারা এই ম্যাচ জিতল ৯৭ রানের বিশাল ব্যবধানে।
রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৫ রানের মাথায় সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। খানিক বাদে আউট হন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিশ। মিচেল মার্শ ১, ট্রাভিস হেড ৪ ও জশ ইংলিশ ১৪ রান করেন।
চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ম্যাট রেনশো ও অ্যালেক্স ক্যারি। কিন্তু মন্থর গতিতে রান তুলতে থাকলে ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে অস্ট্রেলিয়া। আর এই দুই ব্যাটার আউট হয়ে গেলে আর মাথা তুলে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ফিফটি পূরণের পর ৫৫ রানে আউট হন রেনশো। ৩৭ রান আসে ক্যারির ব্যাট থেকে।
এছাড়া ক্যামেরন গ্রিন ৩, কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১, ওলিভার পিক ৫, জাভিয়ার ১৬, স্পেন্সার জনসন ১০ ও মাহলি বেয়ার্ডম্যান ১৯ রান করেন।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার সনি বেকার। একাই চারটি উইকেট নেন তিনি। লিয়াম ডুসন নেন তিনটি উইকেট। এছাড়া একটি উইকেট নেন গাস আটকিনসন।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। মাত্র ৩৫ বলে ৪৪ রান করে আউট হন টম ব্যান্টন। এরপর জো রুট ১২, হ্যারি ব্রুক ১৭, জর্ডান কক্স ১২ ও জোফরা আর্চার ৭ রান করে আউট হন।
এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার বেন ডাকেট ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন। তার ইনিংস থামে ১৩৩ রানে। মাত্র ১১৫ বলে খেলা তার এই ইনিংসটি ১৫টি চার ও তিনটি ছয়ে সাজানো। ফিফটির দেখা পেয়েছেন উইল জ্যাকস। ৪৮ বলে ৫৯ রানে আউট হন তিনি। এছাড়া স্যাম কারান ১৯, গাস আটকিনসন ১০ ও লিয়াম ডুসন রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস। তিনটি উইকেট পেয়েছেন ম্যাট রেনশো। আর একটি করে উইকেট নেন কুপার কনোলি ও ট্রাভিস হেড।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।